বৈশাখের কবিতা | সায়ীদ আবুবকর

 


মাঠ ঘাট বন
পুড়ছে যখন
অগ্নিখরায়
তাপে,

পুড়ছে পৃথিবী
পুড়ছে জীবন
পারমাণবিক
পাপে।

যখন মানুষ,
পশু ও পাখির
জীবন ওষ্ঠা-
গত,

তখন বোশেখ
এলো পৃথিবীতে
হাতেমতায়ীর
মতো।

বোশেখ এসেছে-
ফুলবৃষ্টিতে
ধুয়ে যাক শোক-
তাপ,

কালবৈশাখী
এনেছে সঙ্গে,
উড়ে যাক যত
পাপ।

Post a Comment

0 Comments