আমরা সবাই যাযাবর | জুয়েল আদীব



'মুছেই না হয় গেলাম।
কার তাতে কীইবা আসে যায়।'
কথাটা যত অনায়াসে বলা যায়,
অভিব্যক্তি ততটা সহজসাধ্য নয়।
অথবা কারো অভিমান জমা বিস্তর,
অজানা-অচেনা আক্ষেপে বিক্ষুব্ধ মন,
কেউ হয়তো আনমনে বলেই ফেললো-
'না ফিরলে কী আসে যায়!'
কিন্তু বুকের চিনচিন ব্যথা তীব্র হয়,
ধুকপুকানি হাহাকার উথলে ওঠে,
অন্তরে অন্তর্নিহিত কান্না বাষ্পীভূত হয়।
একটি অস্পৃশ্য সাক্ষাতের জন্য নিরবে
অপেক্ষা করতে হয় কাউকে কুড়িবছর!
আবার কারো হয়তো একজনম গেলেও
প্রিয় মানুষের দেখা পায় না সচরাচর,
অপেক্ষার প্রহর গিয়ে প্রতীক্ষায় ঠেকে
তবু আখিরাতে দেখা হবে আশায় থাকে।
অনন্ত মিনতি চেনা-অচেনা পথিকের,
নিঃশব্দ আকুতি চিরচেনা মাতৃভূমির-
কিছু স্মৃতিচিহ্ন রেখো শৈশবের দেশে
ফিরে আসিও দুরন্ত কিশোরীর বেশে।
স্বাগত জানাতে অধীর প্রতীক্ষায় থাকবে-
আজন্ম জলাভূমি, বিবর্ণ মাঠের ধুলোবালি
নদীর ঢেউ, বালুচর আর সাম্পান পতাকা।
হোক তা ফেরারি, তবু ফিরে এসো বারবার,
আসতেই হবে- আমরা যে সবাই যাযাবর।

Post a Comment

0 Comments