আজ সময় যেন থমকে যায় একমুহূর্ত-
স্মৃতির পাতায় জেগে ওঠে এক দৃঢ়চেতা মুখ,
সংগ্রামের পথে যিনি হেঁটেছেন অবিচল,
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যাঁর নাম-
দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
কত ঝড় এসেছে, নেমেছে অন্ধকার,
তবু মাথা নোয়ায়নি কোনো দুর্যোগে;
নির্ভীক কণ্ঠে উচ্চারিত হয়েছে
গণতন্ত্র, অধিকার আর মানুষের কথা-
এ যেন বৈরি বাতাসের বুক চিরে
জ্বলে থাকা এক দীপ্ত প্রদীপ।
আপনার জীবনের পথপরিক্রমা
শুধু ক্ষমতার অলিন্দে সীমাবদ্ধ নয়-
এ পথ মিশেছে মা-মাটি-জনতায়,
কখনোবা থমকেছে প্রতিকূলতায়,
কখনো ইতিহাসের কঠিন পরীক্ষায়।
সেই পথের প্রতিটি বাঁকে রয়েছে
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের উপাখ্যান।
আজ আপসহীন নেত্রীর জন্মতিথি-
অথচ নেই উচ্ছ্বাস কিংবা ফুলেল শুভেচ্ছা;
আছে শুধু দেশমাতৃকার নীরব আকাশ,
মানুষের চোখে অশ্রুসিক্ত ভালোবাসা,
আর ইতিহাসের পাতায় পাতায় আছে
দেশনেত্রীর লড়াই-সংগ্রামের দীর্ঘছায়া।
স্বৈরাচারের বিরুদ্ধে উচ্চকিত নাম,
নির্যাতনের কঠিন দেয়াল পেরিয়ে
গণতন্ত্রের স্বপ্ন বুকে ধারণ করে
জনতার মিছিলে হেঁটে চলা এক মা;
স্মরণে-বরণে খ্যাত ‘গণতন্ত্রের মা’।
কারাগারের চারদেয়াল, লোহার শিক
তাঁর শরীরকে বন্দি করেছিল সহজে,
কিন্তু বন্দি করতে পারেনি কখনো
মানুষের পক্ষে প্রত্যয়দীপ্ত উচ্চারণ।
মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র
দুঃশাসনের সেইসব অগণিত দিনরাত্রি
তাঁর জীবনকে করেছে ক্ষত-বিক্ষত,
ইতিহাস সাক্ষী- তবু মাথা হয়নি নত;
বাংলার মুক্তিকামী মানুষের কাছে তিনি-
আজীবনের এক ‘আপসহীন নেত্রী’।
চব্বিশের উত্তাল জুলাই-আগস্টে
রাজপথে জেগে উঠল জনতার ঢেউ,
ভাঙল তাঁর দীর্ঘ বন্দিত্বের বন্ধ দরজা,
মুক্ত বাতাসে হয়তো আশা জেগেছিল।
কিন্তু তখন ক্লান্ত শরীর, নির্মম সময়-
নিঃশব্দে চলেছে জীবনের অন্তিম লড়াই;
শুশ্রুষা ও প্রার্থনায় ত্রস্ত অগণিত হৃদয়-
কোনো কিছুই আটকাতে পারেনি তাই।
সব পেরিয়ে এক ভোরে প্রভুর ডাকে
চলে গেলেন তিনি অনন্তের পথে।
আজ জন্মদিনে তাই শুভেচ্ছা নয়,
জানাই- হৃদয়নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি।
ইতিহাসে যে নাম বারবার ফিরে আসবে-
বঞ্চিত মানুষের অধিকার আদায়ে,
মুক্তমত প্রকাশের নিরন্তর লড়াইয়ে,
আর গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষায়।
প্রস্থানেও কিছু মানুষ অমর থাকে-
ঝাঁঝালো মিছিলে উচ্চকিত স্লোগানে,
কোনো পল্লীমায়ের দুয়ায়,
কোনো উচ্ছ্বল তরুণের স্বপ্নে,
স্বাধীন-সার্বভৌম মানচিত্রের
টেকসই গণতন্ত্রের প্রত্যাশায়।
আজ দেশনেত্রীর জন্মদিনে
বাংলার আকাশে-বাতাসে প্রার্থনা-
হে ক্ষমাশীল পরম করুণাময়!
যে নারী সংগ্রাম করেছে আজীবন,
ক্ষমা করো তাঁকে কবরে ও হাশরে
নসিব করো ফিরদাউস বেহেশত।
বিগলিত শ্রদ্ধায় অন্তর হোক অবনত,
মৌন প্রার্থনায় থাকুক তাঁর মাগফিরাত।
শুভ জন্মদিন, প্রয়াত দেশনেত্রীর তরে,
আবৃত থাকুন আল্লাহর রহমের চাদরে।
১৫.০৮.২০২৬

0 Comments